রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট -১ এর প্রেসার অপারেটিভ রিলিফ ভালভ ত্রুটিমুক্ত হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ভালভটির ওপর ১৬ এমপিএ উচ্চচাপের পরীক্ষা গতকাল বুধবার সফলভাবে শেষ হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর মধ্য দিয়ে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের অনিশ্চয়তা কাটল।
এদিকে, বিদ্যুৎ কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের বিশেষ কার্গো রাশিয়া থেকে আজও পৌঁছায়নি। চালানটি শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছাতে পারে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম আনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও তা বাতিল হয়। বিশেষ কার্গো বিমানকে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি বাতিল হয়। তবে, পরে দেশটির অনুমতি পাওয়া গেছে।
রাশিয়া থেকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে কার্গোটি। পরে বিশেষ নিরাপত্তায় ইউরেনিয়াম পাবনার রূপপুরে নেওয়া হবে। চলতি বছর দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের জন্য ২ চালান ইউরেনিয়াম আসবে।