পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধু। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনেরই মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
ঘটনাস্থলে মারা যায় দুজন এবং রাতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় আরেকজনের।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত তিন বন্ধু সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তিনজনই স্থানীয় একটি ফাজিল মাদরাসার ১০ শ্রেণির শিক্ষার্থী।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় মারা যাওয়া আরেকজনের মরদেহ একই প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’