মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না মায়ের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু

জয়পুরহাটের কালাইয়ে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নুর বানু (৪৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটরসাইকেলচালক আব্দুর রাজ্জাক ও তার সঙ্গে থাকা শাকিলকে আটক করেছে পুলিশ। তারা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

নিহত নুর বানু বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামের হায়বত আলীর মেয়ে। তিনি কালাই উপজেলার নান্দাইলদিঘী গ্রামে মেয়ে ও জামাতা এনামুল হকের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও নিহতের জামাতা এনামুল হকের সঙ্গে কথা বলে জানা যায়, গত রোববার বিকেলে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন নুর বানু। সোমবার বেলা ১২টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। বেলা সাড়ে ১২টার দিকে পুনট কোল্ড স্টোরেজের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের আটক করা দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায়।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‌‘নিহত নারীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুজনকে থানায় আনা হয়েছে।’