দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোশেড থেকে রেল ইঞ্জিনের ৩২টি ব্যাটারি চুরির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ৭ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ওই সাত সদস্য দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারা যাওয়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য সহকারী পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম , হাবিলদার ইমদাদুল হক, সিপাহী তৌহিদুল ইসলাম, সিপাহী আব্দুল্লাহ আল মামুন, সিপাহী শাহিন মিয়া, সিপাহী ছোটন চক্রবর্তী ও সিপাহী মাহবুবুর রহমান।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চিফ ইন্সপেক্টর মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বতীপুর জিআরপি থানা সূত্রে জানা যায়, পার্বতীপুর লোকোশেড থেকে গত বছরের ৪ নভেম্বর রাতে চারটি লোকোমোটিভ রেলইঞ্জিনের ৩২ ব্যাটারি চুরি হয়ে যায়। প্রতিটি ব্যাটারির মূল্য ৪৫ হাজার টাকা। এরপর ১০ নভেম্বর লোকো ইনচার্জ মো. কাফিউল ইসলাম অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে পার্বতীপুর রেলওয়ে থানায় (জিআরপি) একটি মামলা করেন।
পার্বতীপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নরুল ইসলাম জানান, মামলাটি তদন্ত করেন সৈয়দপুর রেলওয়ে জেলার গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাজ্জাদ জানান, চুরির সময়কার ১ ঘন্টা ৭ মিনিটের ফুটেজে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। চুরির সময় সকলে নিজস্ব ইউনিফর্ম পরা অবাস্থায় ছিলেন। এ ছাড়াও ঘটনায় অনেক প্রত্যক্ষদর্শীও জড়িতদের বিরুদ্ধে সাক্ষী দেয়। এ ঘটনায় চলতি বছরের ১৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ওই সাত সদস্য দিনাজপুর আদালতে জামিন নিতে গেলে বিচারক ওই সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।