সিলেটে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৯। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব–৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব–৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক।
গ্রেপ্তার আব্দুস সালাম সিলেট নগরের লালাদিঘির পাড় এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংবাদ সম্মেলনে র্যাব ৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক বলেন, ‘ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক কিশোরীকে ২২ দিন আটকে রেখে ধর্ষণ করেন আব্দুস সালাম। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় প্রধান আসামি করা হয় আব্দুস সালামকে। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর আসামিদের ধরতে অভিযানে নামে র্যাব–৯।’
মো. মোমিনুল হক আরও বলেন, ‘গ্রেপ্তার আব্দুস সালামকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া অন্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’