গতকাল রাতে সুনামগঞ্জে বৃষ্টিপাত না হলেও উজান থেকে নেমে আসা ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে এখনও লোকালয়ে পানি প্রবেশ করেনি। অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সুনামগঞ্জে সুরমা নদীর পানি গেলো ২৪ ঘণ্টায় ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এখনও সুরমা নদীর পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় ৬৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টির পানি সুনামগঞ্জের সীমান্ত নদী দিয়ে আসছে ফলে হাওরাঞ্চলে পানি টইটম্বুর হয়ে গেছে। আগামী ৪৮ ঘণ্টা পানি বৃদ্ধি থাকবে। এতে করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার শঙ্কার রয়েছে বলে জানায় তারা।
অন্যদিকে পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পানি কুশিয়ারা ও সুরমা হয়ে সুনামগঞ্জের দিকেই নামবে। তাতে নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে স্বল্প মেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে জুম মিটিং করা হয়। এতে বন্যা মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে সংশ্লিষ্ট সকলকে তৈরি থাকতে আহ্বান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী ৪৮ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে এই সময়ে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। তবে এই বন্যা বেশিদিন স্থায়ী থাকবে না।