বা‌নিয়াচংয়ের হাওরে মিলল প্রতিবন্ধী যুবকের লাশ

হ‌বিগঞ্জের বা‌নিয়াচং উপজেলার ধানিয়াল হাওর থেকে কাওছার মিয়া (২৪) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ। নিখোঁজের তিন‌দিন পর শুক্রবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হলো।

নিহত কাওছার মিয়া বানিয়াচং ইউনিয়নের দরগা মহল্লার আবুল মছীনের ছেলে। তাঁর নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিল পরিবার।  

বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃত কাওছার মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি তিনদিন আগে নিখোঁজ হন। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাতে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করে।’ 

ওসি আরও বলেন, ‘আজ সকালে মৃত কাওছারের মরদেহ ধানিয়াল হাওরে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প‌রিবা‌রের লোকজন মরদেহ শনাক্ত করে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’