গোসলে নেমে স্রোতের টানে প্রাণ গেল বউ-শাশুড়ির

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে গিয়ে স্রোতের কবলে পড়ে বউ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টার দিকে ধর্মপাশা উপজেলার জানিয়ারচর গ্রামে মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে। 

নিহত হলো— জানিয়ারচর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী রেজিয়া আক্তার এবং তার ছেলের বউ পিপাসা আক্তার। 

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরের পানিতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে রেজিয়া আক্তার পা পিছলে হাওরের পানিতে পড়ে স্রোতের টানে ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন ৬ মাসের অন্তঃস্বত্বা পুত্রবধূ পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতের টানে ভেসে যায়। 

পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল দিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।