ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মাছগুলোর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। 

দোয়ারাবাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বাঁশতলা সীমান্তে অভিযান চালানো হয়। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ৮৮৫ কেজি ইলিশ মাছ ফেলে সেখান থেকে পালিয়ে যায়। 

মাছগুলো জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি বলেও জানান আবুল বাশার। বলেন, জব্দ করা মাছগুলোর বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে মাছগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।