সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের নির্মাণাধীন একটি পরিত্যক্ত ঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ইব্রাহীম খলিলুল্লাহ উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের ইদ্রিস আলী ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক।
পরিবার ও স্বজনেরা জানান, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। তাকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এবং ওইদিন এলাকায় মাইকিং করা হয়। রোববার দোয়ারাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।
এদিকে আজ সকালে বাচ্চারা পরিত্যক্ত বাড়ির উঠোনে খেলাধুলার সময় ঘরে বল খুঁজতে গিয়ে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
ওসি মো. জাহিদুল হক জানান, তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। তদন্তের পর সঠিক তথ্য পাওয়া যাবে।