ঢাকা–সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া নামক স্থানে বাসের ধাক্কায় একটি ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) পাশের ফসলি মাঠে পড়ে দুমড়ে–মুচড়ে গেছে। শনিবার দুপুরের পর এই ঘটনায় প্রাইভেটকারের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, আজ দুপুর দেড়টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি সড়ক থেকে ছিটকে পাশের মাঠে পড়ে দুমড়ে–মুচড়ে যায়। প্রাইভেটকারে থাকা চালকসহ ৩জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা ও ফায়ার ব্রিগেডের একটি দল আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক বলেন, ‘আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আহতদের পরিচয় জানা চেষ্টা চলছে।’