মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটোরিকশা পার্কিং নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন কয়েকজন। এই ঘটনায় শ্রীমঙ্গলের সাবেক মেয়র এবং বিএনপি নেতা ও ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পরিচালক মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রমজানে সাবেক মেয়র মহসিন মিয়া মধু গদারবাজার এলাকায় একটি বিনা লাভের দোকান দেন। এই দোকানের সামনে অটোরিকশা (স্থানীয়ভাবে টমটম নামে পরিচিত) পার্কিং করা নিয়ে মহসিন মিয়ার অনুসারী ও পশ্চিম ভাড়াউড়া গ্ৰামবাসী সংঘর্ষে জড়ায়। এসময় কয়েকটি দোকান ও গাড়ি ভাংচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ৫৬ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজার ঘিরে দুই গ্রুপের পাল্টা–পাল্টি ধাওয়ার ঘটনায় দোকানপাট ও বেশ কিছু টমটম ভাংচুর করা হয়। পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
আমিনুল ইসলাম বলেন, পরে আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে মহসিন মিয়া মধুসহ ১৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।