কক্সবাজারে কাজে গিয়ে ৬ দিন ধরে নিখোঁজ ৬ রাজমিস্ত্রি

কক্সবাজার শহরে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের ছয়জন।

নিখোঁজ ব্যাক্তিরা হলেন পশ্চিম লোহারমহল গ্রামের রশিদ আহমদ, একই গ্রামের মারুফ আহমদ, শাহিন আহমদ, এমাদ উদ্দিন, খালেদ হাসান ও আবদুল জলিল।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম। তিনি বলেন, জকিগঞ্জের ছয়জন কাজের উদ্দেশ্যে কক্সবাজারে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা জানিয়েছে তাদের সাথে ছয়দিন ধরে কোনো যোগাযোগ হচ্ছে না। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশের অনুসন্ধান চলছে।

এদিকে পরিবারের সদস্যরা বলছেন, নিখোঁজ সবাই ১৫ এপ্রিল কাজের উদ্দেশ্যে সিলেটের জকিগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। পরদিন কক্সবাজারে পৌঁছে সবাই পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন। এরপর থেকেই সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কয়েকজন সদস্য গতকাল সোমবার বিকেলে কক্সবাজার গিয়েছেন বলে জানায় পুলিশ।