বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল হাওরে, বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

সুনামগঞ্জের দোয়ারাবাজারে হাওরে কৃষক বাবার জন্যে খাবার নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে আমির হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা হয়।

মৃত আমির হোসেন দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের ফয়জল হকের ছেলে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘বুধবার বিকেলে গ্রামের পার্শ্ববর্তী হাওরে কৃষক বাবার জন্যে ভাত নিয়ে যাচ্ছিল কিশোর আমির হোসেন। পথে ঝড়-বৃষ্টি কবলে পড়ে সে। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।’

ওসি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’