চুনারুঘাটে চা শ্রমিকদের হাতে সিএনজি চালক নিহত

হ‌বিগ‌ঞ্জের চুনারুঘাটে চা বাগা‌নের শ্রমিক‌দের সঙ্গে কথাকা‌টির জেরে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০ টার দিকে চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে এ ঘটনা ঘটে। ওই সিএনজি চালকের নাম মর্তুজ আলী (৫০)। তিনি চুনারুঘাট উপজেলার নোয়ানী গ্রামের রজব আলীর পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল চুনারুঘাট পৌর শহরের চানপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে যাত্রী ওঠানামা নি‌য়ে মর্তুজ আলীর কথা কাটাকাটি হয়। এই ঘটনার পর রা‌তে মর্তুজ আলী চানপুর চা বাগানে গে‌লে শ্রমিক‌দের সঙ্গে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্রমিক‌েরা  তাঁর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থ‌লেই মর্তুজ আলীর মৃত্যু হয়। আশপা‌শের লোকজন ওই সিএনজি চালককে চুনারুঘাট স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন। খবর পে‌য়ে চুনারুঘাট থানার পু‌লিশ সুরতহাল ক‌রে মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য হ‌বিগঞ্জ সদর হাসপাতাল ম‌র্গে পাঠায়।

চুনারুঘাট-মাধবপুর সার্কেলের এএসপি সালিমুল হক ঘটনার সত‌্যতা নিশ্চিত ক‌রেন। ঘটনায় জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে বলে জানান তিনি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, মৃত্যুর বিষয়টি ময়নাতদন্ত হ‌লে জানা যা‌বে। ত‌বে প্রাথ‌মিকভা‌বে আঘা‌তের চিহ্ন পাওয়া গে‌ছে। এ ব‌্যাপা‌রে এখনো মামলা দা‌য়ের হয়‌নি। তদন্ত ক‌রে জ‌ড়িত‌দের বিরু‌দ্ধে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।