নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রতন মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বারগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত রতন মিয়া কাঁচপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মালেক মোল্লার ছেলে ও পেশায় ওয়ার্কশপের শ্রমিক ছিলেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘সড়ক লাগোয়া ডোবার পাশে নিহতের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।’