হবিগঞ্জে বড় ভাইকে হত্যার অভিযোগ বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে 

হবিগঞ্জের চুনারুঘাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরের চেরাগ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বোন ও ভগ্নিপতির বিরুদ্ধে। উপজেলার মিরাশী ইউনিয়নের মহিদরকোনা গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। 

চেরাগ আলী মহিদরকোনা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম।

নিহতের ছে‌লের নাম মো. রুমান মিয়া বলেন, ‘বাবা কয়েকজন লোকের সাথে কথা বলছিলেন। হঠাৎ কয়েকজন দা হাতে এসে আমার বাবাকে আক্রমণ করে। আমি বাবাকে বাঁচাতে গেলে আমাকেও মারধর করা হয়। এ সময় চিৎকার শুরু করলে আমার চাচা এগিয়ে আসেন। তখন তারা আমার চাচাকেও আক্রমণ করে।’

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুর আলম জানান, চেরাগ আলীর সঙ্গে তাঁর বোন নুর নাহার ও ভগ্নিপতি আবুল কাশেমের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ রয়েছে। এর জেরে আজ সকালে চেরাগ আলী জ‌মি‌তে কাজ কর‌তে গে‌লে তাঁকে পিটিয়ে আহত করেন তাঁর বোন ও ভগ্নিপতি। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, চেরাগ আলীকে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।