সিলেটের কোম্পানীগঞ্জ থেকে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে এ পাথরগুলো উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এসব তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জের পাড়ুয়া-ভাংতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এতে কোম্পানীগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন। সে সময় ওই এলাকা থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এ নিয়ে প্রায় ৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন।
পাথর উদ্ধার ছাড়া অভিযানে কাউকে আটক করা যায়নি উল্লেখ করে আদনান বলেন, এখন পর্যন্ত খনিজ সম্পদ ব্যুরোর মামলায় ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া পাথর লুটপাটে জড়িতদেরও আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সাদাপাথর লুটপাট নিয়ে দেশজুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই ওএসএডি করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকে। এ ছাড়া অন্য একটি আদেশে বদলি করা হয়েছে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও।