সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের জামালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জয়নাল হোসেন একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের নাম সেজাউল ইসলাম। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলছিল। গত ১২ আগস্ট জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুপক্ষ বসে সমঝোতা করে। এর জেরে আজ শুক্রবার দুপুরে ফের ইউপি সদস্য কামরুল ও আব্দুল মতিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সংঘর্ষে কামরুল গ্রুপের সেজাউল ইসলাম গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা জয়নাল হোসেন বলেন, এলাকার পরিস্থিতি এখনও থমথমে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।