সিলেটে ট্রেন লাইনচ্যুত, উল্টে গেছে ২ বগি

সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনটির সামনের দুইটি বগি উল্টে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনসরেজমিনে দেখা যায়, উদয়ন এক্সপ্রেস ট্রেনটির সামনের অংশ লাইনচ্যুত হয়েছে। এতে সামনের ইঞ্জিন এবং যাত্রীবাহী একটি বগি উল্টে গেছে। এতে যাত্রীবাহী বগিতে থাকা কয়েকজন যাত্রী কিছুটা আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, সিলেটের মোগলাবাজার স্টেশনের কাছে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যূত তিনটি কোচ নিরাপদ স্থানে রাখা হয়েছে। ঢাকা সিলেট-ঢাকা-রুটে রেললাইন ট্রেন চলাচলের উপযোগী রয়েছে।