বিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে প্রাণ গেল তিন শিশুর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা-বাগানে বিয়ে বাড়িতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা হয়।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার রামগঙ্গা এলাকার সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামীমা আক্তার (১২) ও মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুর অভিভাবকরা চানপুর চা-বাগানে তাদের এক আত্মীয়ের বিয়েতে যায়। আজ ছিল বিয়ের দিন। বাড়ির এক পাশে বিয়ের বাড়ির আয়োজন চললেও শিশুরা খেলতে খেলতে পকুর পাড়ে গিয়ে গোসল করার জন্য পানিতে নেমে যায়। সাতার না জানায় একে একে তিন শিশু পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।