হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বাহুবল মধ্যবাজার এলাকায় এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বড়ইউড়ি ও বাহুবল গ্রামের দুই শিশুর মধ্যে ঝগড়া নিয়ে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যার পর উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। ধীরে ধীরে সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জহিরুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।