সিলেট সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সিলেটের কানাইঘাট সীমান্তে জামাল উদ্দিন নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। গতকাল শনিবার রাতে ভারত সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।

জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল।

ওসি জানান, শনিবার রাতে ভারত সীমান্তের কাছে গাছ থেকে সুপারি আনতে যান জামাল। এ নিয়ে ভারতীয় খাসিয়াদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় তার। একপর্যায়ে তাকে গুলি করে হত্যা করে খাসিয়ারা। পরে তাঁর মরদেহ ফেলে যায় সীমান্ত এলাকায়।

ওসি আরও জানান, খবর পেয়ে ভোরে মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।