হবিগঞ্জে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১৫

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গত শনিবার রাতে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে হাবিবুর রহমান টেনু ও মাসুক মিয়া পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় টর্চলাইট জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

খবর পেয়ে বাহুবল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’