সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্ধর্ষ চুরি হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে একাডেমির প্রশাসনিক ভবনের তালা ভেঙে নগদ ১ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা নিয়ে গেছে চোর।
ইতোমধ্যে চুরির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হুডি পরা দুই যুবক ১১ মার্চ রাত ২টা ৫৯ মিনিটে শিল্পকলা একাডেমির প্রশাসনিক ভবনে প্রবেশ করে। তৃতীয় তলায় অবস্থিত অ্যাকাউন্টস কক্ষের তালা ভেঙে নির্দিষ্ট ড্রয়ারে রাখা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। দুর্ধর্ষ চুরির এই ঘটনায় বিস্মিত শিল্পকলার কর্মকর্তা–কর্মচারীরা।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল বলেন, ‘এমন চুরির ঘটনা দেখে আমরা হতবাক। মনে হচ্ছে ফিল্মি স্টাইলে এই চুরি হয়েছে। ড্রয়ারে আমাদেন কর্মকর্তা–কর্মচারীদের ঈদ বোনাস ছিল। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত টাকা ছিল। আরও ছিল হল ভাড়ার টাকা। চোর এসব টাকা নিয়ে গেছে।’
মঞ্জুরুল হক চৌধুরী আরও বলেন, ‘আমি এ ব্যাপারে সদর থানায় অভিযোগ দিয়েছি। আমাদের সন্দেহের তালিকায় যারা রয়েছে তাদের নাম পুলিশকে দিয়েছি। আশা করি বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমাদের মনে হচ্ছে ঘটনাটি জানাশোনার মধ্যে। তথ্য–উপাত্ত অনুযায়ী চোর শনাক্তের কাজ চলমান রয়েছে।’