সুনামগঞ্জ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ৬৫ বস্তা চাল অবৈধভাবে বসতঘরে মজুত রাখার দায়ে হাফিজুল ইসলাম নামে এক ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার কাইয়ারগাঁও গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পাল অভিযানে নেতৃত্ব দেন। সরকারি নিয়ম লঙ্ঘন করে চাল অবৈধভাবে চাল মজুত করার অপরাধে ডিলার হাফিজুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক জরিমানার টাকা আদায় করা হয়।
অভিযুক্ত হাফিজুল ইসলাম সুনামগঞ্জ সদর উপজেলার কাইয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ওই এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
জানা যায়, কাইয়ারগাঁও গ্রামের বাসিন্দা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুল ইসলাম ৬৫ বস্তা সরকারি চাল তার নিজ বসতঘরে অবৈধভাবে মজুত করে রেখেছেন। এই সংবাদের ভিত্তিতে গভীর রাতে ডিলারের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সত্যতা পাওয়ায় ডিলারকে জরিমানা করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল বলেন, ‘অবৈধভাবে বসতঘরে চাল মজুত করার অপরাধে ডিলারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’