সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে এক নারীসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ টেকেরঘাট বিওপির টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলো- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার জিগরওলা গ্রামের সুনীল সরকারের ছেলে মিঠুন সরকার (২৬) ও জুটন সরকার (২৪) এবং মিঠুন সরকারের স্ত্রী শায়িন্তি নমদাস (২০)।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির টেকেরঘাট বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৯৯/২-এস এর নিকটবর্তী বড়ছড়া নামক স্থানে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা কাজের উদ্দেশে ভারতের শিলং শহরে যাওয়ার চেষ্টা করছিল। তাদের এই অবৈধ অনুপ্রবেশ প্রচেষ্টায় বড়ছড়া গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে তমাল দাস (৪৫) নামের এক ব্যক্তি সহযোগিতা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের তাহিরপুর থানায় হস্তান্তরসহ অবৈধভাবে অনুপ্রবেশে সহযোগিতাকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও উক্ত এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।