সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে দুইজনের মৃত্যু 

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় এক যুবক ও এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার রফিনগর ইউনিয়নের সাদিরপুর ও রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার ওপর দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে আবদুল হামিদ ও হোসাইন মিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আবদুল হামিদের ছেলে আহাদনুর (২৫) নিহত হন। 

অন্যদিকে একই ইউনিয়নের রফিনগর গ্রামে হাঁস খুঁজে না পেয়ে আবদুল জিহাদ ও শফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের আঘাতে গিয়াস উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।