সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের মাত্রা জানা যায়নি। তবে আমেরিকাভিত্তিক ওয়েবসাইট ইউএসজিএসের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।
ওই ওয়েবসাইট অনুযায়ী, সকাল ৬টা ২৯ মিনিট ৩২ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। যার উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ১ এবং ধরন অনুযায়ী এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প।
হঠাৎ হওয়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীদের মধ্যে। এ সময় বাসাবাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকেই। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।
নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।