বন্যার শঙ্কা

সুনামগঞ্জে ২৮ এপ্রিলের মধ্যে ধান কাটার নির্দেশনা পাউবোর

সুনামগঞ্জের আগামী কয়েক দিনের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগামী ২৮ এপ্রিলের মধ্যে হাওরের ৮০ শতাংশ জমির পেকে যাওয়া বোরো ধান দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

শুক্রবার সকালে সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জারি করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৬ এপ্রিল হালকা ও মাঝারি বৃষ্টিপাত হলেও ২৭ এপ্রিল থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। বিশেষ করে ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা, কুশিয়ারা, ধনু-বাউলাই ও ভুগাই-কংসসহ এ অঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাবে। এছাড়াও, ২৮ এপ্রিল থেকে নদীসমূহের কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি সমতল বিপদসীমার ১.৭৬ মিটার বা ৫.৭৭ ফুট নিচে রয়েছে। তবে, ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বোরো ফসল রক্ষায় যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, তা দ্রুততম সময়ের মধ্যে অর্থাৎ ২৮ এপ্রিলের আগেই ঘরে তোলার জন্য বিশেষভাবে অনুরোধ জানায় পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ‘২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জ জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। আমরা কৃষকদের ২৮ এপ্রিলের মধ্যে যেসব জমির ধান ৮০ শতাংশ পেকে গেছে, তা কাটতে অনুরোধ জানাচ্ছি।’