হ‌বিগ‌ঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন–অটোরকিশার চালক আক্কাস মিয়া (৪০) এবং যাত্রী মনোয়ারা বেগম (৭০)। 

স্থানীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার চালক আক্কাস মিয়া নিহত হন।

এ সময় অটোরিকশায় থাকা এক নারী যাত্রীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী মনোয়ারার মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় জড়িত গাড়ি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।