থমথমে হবিগঞ্জ শহর, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় নাগরিক পার্টি–এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভা এবং স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পাল্টা সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘিরে হবিগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম.সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। 

এ অবস্থায় জেলা শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

আদেশ অনুযায়ী, আজ হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচজন বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্রের সাহায্যে বিকট শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন–শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কর্মসম্পাদনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরে পুলিশ, র‍্যাব ও বিজিবির গাড়ি টহল দিচ্ছে। বিকেল পৌনে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ শহরে পৌঁছায়নি। তারা শহরে ঢুকলে ছাত্রদল ১৪৪ ধারা ভেঙে প্রতিহতের চেষ্টা করতে পারে। এক্ষেত্রে রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা রয়েছে। 

তবে অপর একটি সূত্র জানিয়েছে, মৌলভীবাজার থেকে হবিগঞ্জের দিকে রওনা করা এনসিপির কেন্দ্রীয় নেতাদের জেলার বাহুবল উপজেলার মুছাই নামক পাহাড়ি এলাকায় আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে আইনশঙ্খলা বাহিনীর। অন্যদিকে, ঢাকা থেকে রওনা করা এনসিপির নেতাদের ঢাকা–সিলেট মহাসড়কের  শায়েস্তাগঞ্জে আটকে দেওয়া হতে পারে।

দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলটির স্থানীয় নেতাকর্মীদের ওপর গতকাল মঙ্গলবারের হামলার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে এনসিপি। পাল্টা কর্মসূচি ডেকেছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল।