সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকায় একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বাসার একটি কক্ষ থেকে স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ এবং অপর একটি কক্ষ থেকে স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। তিনটি মরদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ। স্থানীয়রা জানান, নিহতদের ছেলে-মেয়েরা প্রবাসে থাকেন।
প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।