জমি নিয়ে বিরোধের জের, আধাঘণ্টার সংঘর্ষে আহত ১০

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০ জন।

রোববার বেলা ১১টার দিকে তেঘরিয়া গ্রামে এ সংঘর্ষ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেঘরিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও একই গ্রামের রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।