হবিগঞ্জে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা সাদেকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের রাব্বানী মিয়ার ছেলে। রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার একটি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের একটি বেসরকারি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ উঠেছে শিক্ষক সাদেকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনা কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানোর অভিযোগও করা হয়েছে এজাহারে।

পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ওই শিক্ষককে মাদরাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার পর সোমবার দুপুরে মাওলানা সাদেকুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। তিনি অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।