সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ। অভিযুক্ত ঘাতক ছেলের নাম নুরু আলম (৪৫)।
শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড হয়।
নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭০)। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে রেজিয়া খাতুনের টিনের বসত ঘরে পারিবারিক কলহের জের ধরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বড় ছেলে নুরু আলম ধারালো দা দিয়ে তার বৃদ্ধা মায়ের গলার পেছনে সজোরে কোপ মারে। এতে ঘটনাস্থলেই টিনের ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ঢলে পড়ে মারা যান রেজিয়া খাতুন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। পরে, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।