সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩১ শিক্ষার্থীসহ ৩২ জনের সঙ্গে গ্রেপ্তার দুই কিশোরের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শুনানি শেষে সুনামগঞ্জের শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন তাদের জামিন মঞ্জুর করেন।
এই দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গ্রেপ্তারের পর তাদের কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছিল। আসামিপক্ষের আইনজীবী কাজী মহিউদ্দিন বাবর জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে টাঙ্গুয়ার হাওর থেকে নাশকতা ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক ও বর্তমান ৩১ শিক্ষার্থীসহ ৩২ জন জামিন পেয়ে বুধবার (২ আগস্ট) রাত ১০টায় কারাগার থেকে মুক্ত হয়েছেন।
উল্লেখ্য, সরকারের বিরুদ্ধে ‘গোপন ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কায়’ গত রোববার (৩০ জুলাই) বিকেলে টাঙ্গুয়ার হাওর থেকে ৩৪ জনকে আটক করা হয়। সোমবার (৩১ জুলাই) বিকেলে পুলিশ বাদী হয়ে তাহিরপুর থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। তাঁদের আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠান।