আরেক দফা বাড়ল প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের দাম। আজ বুধবার থেকে রেমিট্যান্স ও রপ্তানিকারকদের থেকে প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সায় কিনবে ব্যাংকগুলো। আর আমদানিকারকদের কাছেবিক্রি করবে ১১১ টাকায়। আন্তঃব্যাংকে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৪ টাকা।
মঙ্গলবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এমন সিদ্ধান্ত হয়।
গত সোমবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার কয়েকটি ব্যাংকের এমডির সঙ্গে বৈঠক করেন।
জানা গেছে, বৈঠকে ডলার সংকট থেকে উত্তরণে করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। যেসব ব্যাংকে মাসে ২ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসবে, বাধ্যতামূলক তাদেরকে অন্তত ১০ শতাংশ আন্তঃব্যাংকে বিক্রি করতে হবে। ডলার সংকটে কারণে অনেক ব্যাংকই আগের দেনা পরিশোধ করতে পারছে না।
এর আগে সবশেষ ১ সেপ্টেম্বর ডলারের দাম বাড়ানো হয়। সেদিন রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম এক টাকা বাড়িয়ে ১০৯ টাকা ৫০ পয়সা এবং রেমিট্যান্সের ক্ষেত্রে ৫০ পয়সা বাড়িয়ে প্রতি ডলারের দাম ১০৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। আমদানির ক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিলো।