আরও কমল ডলারের দাম

এক সপ্তাহের ব্যবধানে দেশে আবারও কমেছে ডলারের দাম। এবার ডলারের দাম কমানো হয়েছে ২৫ পয়সা। ডলারের নতুন দাম কার্যকর হবে আগামী রোববার থেকে। 

গত বুধবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের মধ্যস্ততায় ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এ সিদ্ধান্ত নেয়। 

সিদ্ধান্ত অনুয়ায়ী, রপ্তানি আয় এবং রেমিট্যান্সের ডলার কেনার দর ১০৯ টাকা ৭৫ পয়সা। যা আগে ছিল ১১০ টাকা। এছাড়া আমদানি দায় মেটাতে ডলার বিক্রির দর নির্ধারণ করা হয় ১১০ টাকা ২৫ পয়সা। যা আগে ছিল ১১০ টাকা ৫০ পয়সা। 

এর আগে গত ২২ নভেম্বর প্রতি ডলারের বিনিময় দর ৫০ পয়সা কমিয়ে আমদানিতে ১১০ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি ও রেমিট্যান্সে ১১০ টাকা নির্ধারণ করা হয়েছিল।