আমেরিকার সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতি হিসেবে ৬২৬ পণ্যে শুল্কছাড় দিল সরকার 

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমেরিকার সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতি হিসেবে ৬২৬ পণ্যে শুল্কছাড় দিল সরকার। আজ সোমবার অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, এতে জনসাধারণের ওপর করের ভার কিছুটা লাঘব হবে এবংপণ্য রপ্তানিতে এন্টি এক্সপোর্ট বায়াস হ্রাস পাবে।

এবারের বাজেট দেশের ৫৫তম ও অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এ হিসেবে গত অর্থবছরের চেয়ে বাজেটের আকার কমেছে প্রায় ৭ হাজার কোটি টাকা। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।