মূল্যস্ফীতি সেপ্টেম্বরের মধ্যে ৭ শতাংশে নেমে আসবে: গভর্নর

মূল্যস্ফীতি সেপ্টেম্বরের মধ্যে ৭ শতাংশে নেমে আসবে। এমনটাই আশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনতে বাজেটে যে লক্ষ্য ধরা হয়েছে তাও পূরণ করা সম্ভব। এদিকে এনবিআরের দাবি, ফ্ল্যাট কিনতে কালো টাকা সাদা নয়, সুযোগ রাখা হয়েছে অ-প্রদর্শিত অর্থ বিনিয়োগের।

দায়িত্ব নেয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ছিলো অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুতে এতে সফলতা না এলেও, নীতি সুদহার বৃদ্ধিসহ নানা উদ্যোগে, রমজানে সুফল পায় সাধারণ মানুষ। মূল্যস্ফীতি নামে এক অংকে। 

মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে, গভর্নর আবারো আশার কথা শোনালেন। তিনি বলেন, এখন মূল্যস্ফীতি কমতে শুরু করায় সেপ্টেম্বরের মধ্যে ৭ শতাংশে নামবে। তখন কমানো হবে সুদহার।  

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, জমি বা ফ্ল্যাটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিলেও, কালো টাকা বৈধ করার বিধান রাখা হয়নি। তবে সরকার চাইলে তা বিবেচনা করতে পারে।

তিনি বলেন, ‘বিনিময় হার বেশ কিছুদিন ধরে প্রতি মার্কিন ডলারে প্রায় ১২২-১২৩ টাকায় স্থিতিশীল রয়েছে। এটি আমাদের স্বস্তি এনেছে এবং আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

গভর্নর আরও বলেন, ‘খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ থেকে সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সাড়ে ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশের কিছু বেশি হয়েছে। আমি বিশ্বাস করি এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, বিশ্ববাজারে খাদ্য, তেল-গ্যাসের দাম কমছে সেটার একটা প্রভাব এখানে পড়বে। এ ছাড়া মুদ্রানীতি সংকোচনমূলক করা হয়েছে। আশা করছি আগামী জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নেমে আসবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাণিজ্য, বিমান এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বিভিন্ন আর্থিক খাতের প্রধানরা।

গতকাল বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।