চলতি ২০২৫–২৬ অর্থবছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় এবারের বাজেট করে রেখেছে সরকার। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, ‘এই অর্থ বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনী বাজেট করে রেখেছে সরকার। নির্বাচনী বাজেট নিয়ে সরকার কোনো কার্পণ্য করবে না।’
সালেহউদ্দিন আহমেদ জানান, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত কমিটিতে।
এদিকে বৈঠক শেষে নৌ পরিবহন উপদেষ্টা নৌপরিবহন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, এনবিআর এর কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির ওপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সে হিসাব এখনো হয়নি।
এ সময় উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনালের দায়িত্ব আগামী ছয়মাসের জন্য নতুন প্রতিষ্ঠানকে দেওয়া হবে। কারা পাবেন তা নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হবে।