বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ১৪ কোটি ৯৫ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতকে চাঙা করতেই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ।
বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৩ কোটি ডলার কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নিলাম আহ্বান করে কেন্দ্রীয় ব্যাংক। তবে, শেষ পর্যন্ত তারা আরও বেশি ডলার কিনে নেয়, যেখানে কাট-অফ রেট ছিল ডলার প্রতি ১২১ টাকা ৭০ পয়সা।
এর আগে ১৪ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক ১২১ টাকা ৫০ পয়সা কাট-অফ রেটে ১৭ কোটি ৬ লাখ ডলার কিনেছিল।
নতুন নিলামে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক কাট-অফ রেট অন্তত ২০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। এর আগে ১৭ টি ব্যাংক ১৬ থেকে ১৭ কোটি ডলার বিক্রির প্রস্তাব করে। তবে, বাজার পরিস্থিতি বিবেচনায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ১৩টি ব্যাংকের কাছ থেকে ডলার কেনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।