আন্তঃলেনদেন কার্যক্রম পরিচালনার জন্য তিন মাস সময় চেয়েছে বিকাশ। আর আইনি জটিলতার কারণে নগদ এখনই যুক্ত হতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
দ্রুত, সহজ ও নিরাপদে মোবাইলের মাধ্যমে ব্যাংকসহ বিভিন্ন এমএফএস কোম্পানির সঙ্গে আন্তঃলেনদেন চালু হয়েছে ১ নভেম্বর থেকে। নিরাপত্তা ত্রুটির কথা বলে শেষ মুহূর্তে তিন মাস সময় চেয়েছে বিকাশ। আর নগদ আইনি জটিলতার কারণে এখনই আসছে না।
বাংলাদেশ ব্যাংক জানায়, প্রক্রিয়ায় যুক্ত হতে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে বিকাশ। নগদকে দ্রুত যুক্ত করতে আলোচনাও চলছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আমরা চাচ্ছিলাম আন্তঃলেনদেন হোক। এমএফএস থেকে এমএফএসে গ্রাহকরা যেন টানা অর্থ পাঠাতে পারেন—এটাই চালু করার লক্ষ্য। বিকাশ তাদের নিরাপত্তাজনিত কারণে বলেছে, আমাদের তিন মাস সময় দেওয়া হোক। নগদের বিষয়টি আইনি জটিলতার কারণে আপাতত আমরা সিদ্ধান্ত নেইনি।’
তবে বিকাশ বলছে, ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত করতে প্রতিটি ক্ষেত্রে নিরাপত্তা আরও শক্তিশালী করছে। নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করার বিষয়টিও জোর দিয়ে দেখছে তারা, জানায় বিকাশের মুখপাত্র শামসুদ্দিন হায়দার ডালিম।
শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ‘গ্রাহকের স্বার্থ বিবেচনায় কিছু লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কারণ আন্তঃলেনদেনের নিরাপত্তা ও কার্যকারিতা এই ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য অংশীজনের ওপরও নির্ভর করে। তাই আমরা এই মুহূর্তে শক্তিশালী অথেনটিকেশন এবং স্তরভিত্তিক নিরাপত্তার ওপর জোর দিচ্ছি, যাতে কোনো বিরোধ দেখা দিলে দ্রুত সমাধান করা যায়।’
এদিকে, বিকাশ ও নগদকে বাদ দিয়ে ১০টি প্রতিষ্ঠান ইতোমধ্যে এই সেবা চালু করেছে, এবং আরও ৫টি প্রতিষ্ঠান যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।