রোজায় বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ-ভোগ্যপণ্য আমদানির দাবি ব্যবসায়ীদের

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধ করা এবং বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারকেও ভোগ্যপণ্য আমদানির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানান তাঁরা।

ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজি বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে রোজায় বাজার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। ভোগ্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার ক্ষেত্রে শুধু ব্যবসায়ীদের দোষ দিলে চলবে না। পণ্য উৎপাদনের জন্য কারখানায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। বাজারে অভিযানের নামে অযথা হয়রানি বন্ধের দাবিও জানান ব্যবসায়ীরা।

এ সময় এফবিসিসিআই প্রশাসক ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন। সরকারের পাশাপাশি এফবিসিসিআই থেকে বাজার তদারকি করা হবে বলেও জানান প্রশাসক।