বকেয়া জটিলতা নিরসনে সালিস চায় গ্রামীণফোন–রবি

অডিট আপত্তির বকেয়া পাওনা নিয়ে দীর্ঘ আইনি জটিলতা থেকে মুক্তি পেতে সালিসি পদ্ধতিতে সমাধানের প্রস্তাব দিয়েছে মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবি। বিটিআরসিও এখন সমঝোতার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করা যায় কি না, তা বিবেচনা করছে।

এর আগে চলতি বছরের মাঝামাঝি দুই কোম্পানি আলাদাভাবে বিটিআরসিতে এ–সংক্রান্ত চিঠি দেয়।

১০ বছর আগে নিরীক্ষায় কর, ভ্যাট, হ্যান্ডসেট রয়্যালটি, স্পেকট্রাম ফি, লাইসেন্স ফি ইত্যাদি বিভিন্ন খাতে বৈষম্য চিহ্নিত করে বিটিআরসি। নিরীক্ষার ভিত্তিতে গ্রামীণফোনের কাছে ১২ হাজার ৫৮০ কোটি টাকা এবং রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করা হয়।

গত ৯ জুলাই বিটিআরসিকে পাঠানো চিঠিতে গ্রামীণফোন জানায়, নিরীক্ষা–সংক্রান্ত মামলা ছয় বছর ধরে বিচারাধীন। এত দীর্ঘ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি সম্ভব নয়। একইভাবে মধ্যস্থতার পদ্ধতিকে যুক্তিসঙ্গত সমাধান হিসেবে উল্লেখ করে বিটিআরসিকে চিঠি দেয় রবি।