দেশের উত্তরাঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতার হার বেশি। সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় রয়েছে রাজশাহী বিভাগের মানুষ। এই বিভাগের প্রায় ৩২.৯ শতাংশ পরিবার মাঝারি বা মারাত্মক খাদ্যনিরাপত্তাহীনতার শিকার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) 'খাদ্য নিরাপত্তা প্রতিবেদনে' এসব তথ্য পাওয়া গেছে।
এতে জানানো হয়, রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে প্রতি তিনজনের মধ্যে একজন মাঝারি খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ময়মনসিংহ বিভাগে প্রায় ৩২.৬২ শতাংশ পরিবার মাঝারি বা মারাত্মকভাবে খাদ্য নিরাপত্তাহীন। রংপুর বিভাগে এমন পরিবারের হার ৩০.৫৮ শতাংশ।
সিলেট বিভাগে এই হার ২৮.২৬ শতাংশ। অন্যদিকে ঢাকা বিভাগে মাঝারি থেকে গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার হার ১৭.৫ শতাংশ এবং চট্টগ্রামে এই হার মাত্র ১৩.৩২ শতাংশ।