আরও বেশি পেঁয়াজ আমদানির অনুমতি দেবে সরকার

বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে অতিরিক্ত পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল, অর্থাৎ ১৩ ডিসেম্বর থেকে পেঁয়াজ আমদানিকারকদের প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে আগের মতোই সর্বোচ্চ ৩০ টন পর্যন্ত পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে।

উল্লেখ্য, আবেদনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অর্থাৎ, ০১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল পুনরায় আবেদনপত্র দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের বেশি আবেদনের সুযোগ পাবেন না।

পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ আমদানি সঙ্ক্রান্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও মন্ত্রণালয়য়ের তরফে জানানো হয়েছে।