বিশ্ববাজারে আজ সোনার দাম পৌঁছেছে নতুন উচ্চতায়। পূর্বের সব রেকর্ড ভেঙ্গে সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ ডলার। এই প্রেক্ষাপটে আজ সোমবার দেশের বাজারেও সোনার দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বাজুস নির্ধারিত নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট হলমার্ককৃত) সোনার দাম ২ লাখ ২২ হাজার টাকা। অর্থাৎ, এক লাফের ভরি প্রতি দাম বেড়েছে ৩ হাজার ৯শ টাকা। আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে নতুন এই দাম।
বাজুস প্রকাশিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, মঙ্গলবার থেকে প্রতি ভরি ২১ ক্যারেট মানের (হলমার্ককৃত) সোনার নতুন দাম হবে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এছাড়া প্রতি ভরি ১৮ ক্যারেট মানের (হলমার্ককৃত) সোনার নতুন দাম দাঁড়াবে ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন মানের রুপার দামও উল্লেখ করা হয়েছে। আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের (হলমার্ককৃত) রুপার দাম হবে ৪ হাজার ৯৫৭ টাকা। অন্যদিকে, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেট মানের রুপার দাম ভরি প্রতি দাঁড়াবে যথাক্রমে ৪ হাজার ৭২৪ টাকা ও ৪ হাজার ৮২ টাকা।
বাজুস-এর বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে, দেশের বাজারে মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া সোনা ও রুপার নতুন বিক্রয়মূল্য পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত কার্যকর থাকবে।