সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ঢাকার শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে সাড়ে ৫ পয়েন্ট। তবে গতকালের (বুধবারের) চেয়ে লেনদেন কমেছে ৩৬ কোটি। এছাড়া ৪৬ ভাগ কোম্পানির শেয়ারদর হ্রাস পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে ১৮ দশমিক ৬৭ পয়েন্ট।
বৃহস্পতিবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। লেনদেনের শুরুর ১০ মিনিটে সূচক বাড়ে ১৩ পয়েন্ট। তবে বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় সূচকের উত্থান-পতন। দিনশেষে ডিএসইএক্স সূচক ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৮ পয়েন্টে।
সূচক বাড়লেও কমেছে লেনদেন। আজ ৪২৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি টাকা কম।
শেয়ার হাতবদলে অংশ নিয়েছে মোট ৩৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ১২৫টি প্রতিষ্ঠানের। দর কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই আছে সিটি ব্যাংক, দ্বিতীয় অবস্থানে স্কয়ার ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন।
এদিকে শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথমেই আছে জাহিনটেক্স, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে আছে তাল্লু স্পিনিং ও রতনপুর স্টিল।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে। দিনশেষে অবস্থান করছে ১৩ হাজার ৯৯৪ পয়েন্টে। লেনদেন হয়েছে মোট ১২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।